ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে শহিদুল্লা চৌধুরী জনি (৪০) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জনি ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের শাহাব উদ্দীন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন শহিদুল্লা চৌধুরী জনি। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আইন অমান্য করে মাটি উত্তোলনের অপরাধে আদালত তাকে নিম্নোক্ত দণ্ড প্রদান করেন:
০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড
৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।