স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শনিবার জেলা স্কাউট অফিসে দিনব্যাপী মনোনয়ন ফরম জমা দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলার প্রায় ৪০০টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত ‘সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোহাম্মদ আব্দুল সাত্তার, নোমান আহমদ ও মো. আতাউর রহমান। সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন ও আরিফ মোহাম্মদ দুলাল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. মনির হোসেন, মো. নূর হোসেন ও মো. ইমরান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মো. আমিনুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, তাহিরপুরের বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম, দিরাই মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন এবং দোয়ারাবাজারের হাজী করিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাফিজ আলী।
এদিকে, নির্বাচন পরিচালনায় প্রধান উপদেষ্টা মো. ইনসাফ মিয়া, উপদেষ্টা মো. মোদাচ্ছির আলম ও শেখ মো. নজরুল ইসলাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।