স্টাফ রিপোর্টার
চলতি বছরের ৯ মাসে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ শ্রীমঙ্গল ৪টি সেক্টর নিয়ে গঠিত সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ২৩টি আগ্নেয়াস্ত্র, ১৯ কেজি বিষ্ফোরক, মাদক, বালু-পাথর সহ ৯৩১ কোটি ২৭ লাখ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বুধবার সকালে উত্তর-পূর্ব সরাইল রিজিয়নের পক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে কর্ণেল একেএম জাকারিয়া কাদির।
ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটারে ৪টি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি ক্যাম্প জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১টি পিস্তল, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান, ৬২ রাউন্ড কার্তুজের পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করেছে।
৩ লক্ষ ১ও হাজার পিস ইয়াবা, ১৩ হাজার কেজি গাঁজা, ৬২ হাজার ৬০০ বোতল বিদেশি মদ এবং বিয়ার, ১৫ হাজার পাঁচশত একাশি বোতল ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ, ৩লক্ষ ৭৩ হাজার ৫০০ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ জব্দ হয়েছে। এসব অভিযানে মোট ৩০৫ জন আসামীকে আটক হয়। এছাড়াও প্রাকৃতিক সুরক্ষায় ১৫ হাজার নয়শত ঘনফুট পাথর ও ৭ হাজার তিনশত ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
অভিযানের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের কাছে খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জরুরি ত্রাণসামগ্রী দুর্গম এলাকাতেও পৌঁছে দিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।