শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত সাহা যে 'বেসিক নলেজ টেস্ট' আয়োজন করেছেন, তা অত্যন্ত অনুকরণীয়। এ পদ্ধতিকে মডেল ধরে জেলার প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পুরো জেলায় এটি চালুর চিন্তাভাবনা চলছে। শিক্ষার মান উন্নয়নে শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো শিক্ষকও গড়ে তুলতে হবে।
তিনি বলেন, "আমরা শিশুদের আপনাদের (শিক্ষকদের) কাছে পাঠাই। তাদের গড়ার প্রথম দায়িত্ব আপনাদের। একজন শিক্ষক সর্বোচ্চ সম্মানের অধিকারী। কিন্তু সেই সম্মান অর্জনের যোগ্যতাও থাকতে হয়।
বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউএনও সুকান্ত সাহা। সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্ত্তী ও সহকারী শিক্ষক মাহ্পারা প্রীতম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাশ, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী ও অভিভাবক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ করা হয়। ইউএনও কর্তৃক নেওয়া ‘বেসিক নলেজ টেস্ট’-এ নির্বাচিত প্রথম পাঁচটি স্কুল, বিষয়ভিত্তিক ৬০ জন শিক্ষক ও ৩৩৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও আম, জাম, কাঁঠাল, বেল এই চার ধরনের চারটি ফলদ গাছ তুলে দেওয়া হয়।
এছাড়া নির্বাচিত ৫৭টি প্রাথমিক বিদ্যালয়কে প্রাক-প্রাথমিকের শিক্ষা উপকরণ দেওয়া হয়।