সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীতে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বালু উত্তোলন প্রতিরোধে লাল পতাকা স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর বালুমহাল এলাকায় এ পতাকা স্থাপন করেন। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সীমারেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ অংশে বালু উত্তোলন নিশ্চিত করা।
এর আগে সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন এক সভায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, নরসিংপুর ইউনিয়নে অবস্থিত চেলা ও মরা চেলা নদীর বালুমহালটি এবছর ইজারা দেওয়া হয়েছে। তবে ভারতীয় অংশে বালুর গুণগত মান ভালো হওয়ায় শ্রমিকদের সীমান্ত অতিক্রম করার অভিযোগ পাওয়া গেছে।
বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির আলোচনার ভিত্তিতে পুনরায় তফশিল চিহ্নিত করা হয়। একই সঙ্গে ইজারা বহির্ভূত অংশে যেন কেউ অবৈধভাবে প্রবেশ বা সীমান্ত অতিক্রম করে বালু তুলতে না পারে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন