স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে লিমপিড নামক কোম্পানি কর্তৃক বালু উত্তোলন বন্ধ ও প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা করে অযান্ত্রিক ভাবে বালু উত্তোলন ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন, আন্তঃ উপজেলা অধিকার পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার বলেন, বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লিমপিড নামক একটি কোম্পানিকে ধোপাজান চলতি নদী থেকে বিট বালু উত্তোলনের অনুমোদন দিয়েছেন। অথচ এই নদীতে কোনো বিট বালু নেই, খনিজ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত নদী এটি। হাইড্রোগ্রাফিক সার্ভে রিপোর্টের ভিত্তিতে এই নদী থেকে বিট বালু উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। বিট বালু প্রয়োজন হলে তিতাস ও মেঘনা নদী থেকে উত্তোলন করার অনুমোদন নিতে পারেন৷ যেখানে বিট বালু নেই সেইখানে বিট বালু উত্তোলনের অনুমোদন কেন? এসব লুটপাট করার ধান্ধা। যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে নদীকে পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে হবে।
আন্তঃউপজেলা পরিষদের সভাপতি নুরুল হক আফেন্দি বলেন, ধোপাজান নদীতে বালু উত্তোলন অনেক দিন ধরে বন্ধ আছে। হঠাৎ করে লিমপিড নামক একটি কোম্পানিকে বালু উত্তোলন অনুমোদন দেয়া হয়। এসব টালবাহানা চলবে না। ম্যানুয়েল পদ্ধতিতে বালু উত্তোলন করতে হবে। পরিবেশ নষ্ট করে বালু উত্তোলন করা যাবে না। হাজার হাজার শ্রমিক বেকার। তাদের স্বার্থে ইজারা দিতে হবে। নতুবা নদীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।
হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, লিমপিড একটি কোম্পানি ধোপাজান নদীতে বিট বালু উত্তোলন অনুমোদন পায়। এটি একটি ভারতীয় কোম্পানি। ঢাকা-সিলেট মহাসড়কে বিট বালু ফেলার জন্য বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই নদীতে উত্তোলনের অনুমোদন দিয়েছেন । এই নদীতে বিট বালু নেই, আছে সিলিকা বালু। দেশের উন্নতমানের সিলিকা বালু ধোপাজান নদীতে পাওয়া যায়। লিমপিড কোম্পানি বিট বালুর নামে সিলিকা বালু লুটে নেয়ার পাঁয়তারা করছে। এসব অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করার দাবি জানান তিনি।
মানববন্ধন সভা পরিচালনা করেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সংগঠনের সভাপতি আবুল হোসেন।