স্টাফ রিপোর্টার
৯আগস্ট পূর্ব লন্ডনে টেমসের পাড়ে সুনামগঞ্জের কৃতি সন্তান মৃদুল কান্তি দাশের একতারা রেস্টুরেন্টে আয়োজন করা হয় ‘সুনামগঞ্জ পৌরবাসী ইউকে’র মিলন মেলা।
এই আয়োজনের নেপথ্যে ছিলেন নয়জন স্বপ্নবাজ—জুয়েল, পরাগ, নার্গিস খান, অরুপ, মুকিত, রুমিত, ফরহাদ, ফাগুন ও কাওসার। তাঁদের ছোট্ট উদ্যোগই সেদিন হয়ে উঠেছিল বহু মানুষের স্মৃতি ফিরে পাওয়ার উপলক্ষ।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সেই মানুষগুলোই একদিন এসে জমেছিলেন টেমসের তীরে। উপলক্ষ একটি মিলনমেলা, কিন্তু অনুভূতিতে—এ যেন কয়েক ঘণ্টার জন্য লন্ডনের বুকে ফিরে পাওয়া এক টুকরো সুনামগঞ্জ।
আর সেই টান যে কতটা গভীর, তা বোঝা গেছে অতিথিদের পথচলায়। শুধু লন্ডন নয়—সুদূর ম্যানচেস্টার, স্কানথর্পসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে ছুটে এসেছেন সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করা প্রবাসীরা।