স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহর পরিচ্ছন্নতা রাখতে সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরের খামার খাল ও চাঁদনী ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন,চাঁদনী ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকার বিষয়টি নজরে এসেছে। দোকানদার, বাসাবাড়ির বাসিন্দা কিংবা নৌযানে চলাচলকারী—সবারই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয়। দোকানের সামনে ডাস্টবিন রাখার আহ্বান জানিয়ে বলেন, ডাস্টবিন চুরি বা সরিয়ে ফেলার আশঙ্কা থাকলে সেগুলো নিরাপদভাবে স্থাপন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান,সাকিলা রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল,সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন,পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, স্কাউট দলের নেতৃবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন,অপরিচ্ছন্ন পরিবেশ ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। নিজেদের অসচেতনতার কারণে শুধু অন্যরা নয়, নিজেরাও ক্ষতির শিকার হতে পারেন।প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।