সুনামগঞ্জ প্রতিনিধি
ভারত থেকে অবৈধপথে গরু আনার সময় বিএসএফের গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছে। শুক্রবার সাড়ে ১২ টায় দোয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির।
তিনি বলেন, শুক্রবার রাত ১২ টার পরে দোয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় এলাকা দিয়ে বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পাড় হয়ে ভারত প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি গরু চোরাকারবারির দল। এসময় বিএসএফ দল বাঁধা দিলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি করে। এতে গরু চোরাকারবারি উত্তর ভাঙারপার গ্রামের বাসিন্দা মো. কিতাব আলীর ছেলে মো. শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। অন্য চোরাকারবারিরা তাকে বাড়িতে রেখে পালিয়ে যায়। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত্য ঘোষণা করে।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য চোরাকারবারীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে। উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।