শাবিপ্রবি
গত বুধবার ১৩ আগস্ট, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) "চার্টার্ড অ্যাকাউন্টেন্সি: একটি ক্যারিয়ার পছন্দ" নামে একটি সচেতনতামূলক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজন করে।
অনুষ্ঠানে স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন, আইসিএবি'র প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ, আইসিএবি'র ভাইস প্রেসিডেন্ট (শিক্ষা ও পরীক্ষা) মো. রোকনুজ্জামান এফসিএ এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যবসায় প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই বিভাগটি যেদিন থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, সেদিন থেকেই এটি ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের প্রথম দিকের পছন্দের তালিকায় রয়েছে। তিনি আরও বলেন, নিজে শুধু সাবলম্বী হওয়াই যথেষ্ট নয়; পাশাপাশি অন্যদের সম্পর্কেও ভাবতে হবে এবং তাদের কল্যাণে এগিয়ে যেতে হবে। তাহলেই তোমরা প্রকৃত অর্থে সফল হতে পারবে। তোমরা প্রত্যেকেই একজন রিসোর্স পার্সন। তোমরা কাজ করবে রাষ্ট্রের সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সাফল্য অর্জন করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, বর্তমান বিশ্বে যত বেশি বিশ্বায়ন হচ্ছে, তত বেশি এই পেশার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। আমরা যারা ভাবছি আমাদের ক্যারিয়ার কী হবে, তারা এই পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারি। শিক্ষার্থীরা তাদের নিজস্ব ডিসিপ্লিনের দিকে এগিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধুমাত্র বিসিএস ক্যাডার তৈরি করা নয়। এ ধরনের একমাত্র ক্যাডারকেন্দ্রিক চিন্তা একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।