স্টাফ রিপোর্টার
সরকার ঘোষিত ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক এবং কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
জানা যায়, অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী, মশারি ও অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, সরকার ঘোষিত সুরক্ষা আদেশ বাস্তবায়নের মাধ্যমে আমরা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করছি। অবৈধভাবে মাছ ধরা ও হাওরের পরিবেশ নষ্টের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, অনিয়ন্ত্রিত পর্যটন ও নৌ-চলাচল, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ চায়না জালের ব্যবহার, জলজ বন ধ্বংস, অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং বর্জ্য নিঃসরণসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সোমবার ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে। বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি করা হয়।
মন্তব্য করুন