স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।রবিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শুরুতে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন করা হয়। এছাড়া ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. উবায়দুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু জেলা ছাত্রদলই নয়, জেলার সকল ইউনিটের নেতাকর্মীদেরও এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি আশপাশের সবাইকে সচেতন করতে হবে। বাসাবাড়িসহ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে তবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সরকারি কলেজে ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।’
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনূর রহমান পীর শান্ত, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়াসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।