ভাটি বাংলার অবহেলিত মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন যুক্তরাজ্য প্রবাসী এম এ লতিফ জেপি। এ দাবিতে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতারা এক মতবিনিময় সভায় তাঁর প্রশংসা করে তাঁকে ‘পরীক্ষিত, সজ্জন ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ’ আখ্যায়িত করেছেন।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বার্মিংহামে সুনামগঞ্জ সদর–বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, এম এ লতিফ জেপিকে মনোনয়ন দিয়ে ভাটি বাংলার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে।
সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি কাজী আঙ্গুর মিয়া। যৌথভাবে সভা পরিচালনা করেন মুর্শেদ আহমদ ও মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নবীন ও প্রবীণ নেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, এম এ লতিফ জেপি শুধু যুক্তরাজ্যে নয়, গোটা প্রবাসেই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির আদর্শকে ছড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। দেশে ফিরে তিনি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছেন। প্রবাসের নিরাপদ জীবনকে উপেক্ষা করে অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করছেন।
সভায় বক্তারা প্রয়াত এমপি ফজলুল হক আছপিয়াকে স্মরণ করে বলেন, জীবিত থাকাকালীন তিনিও এম এ লতিফ জেপির জনদরদী মনোভাবের স্বীকৃতি দিয়েছিলেন। তাঁর মতে, ভবিষ্যতে লতিফ জেপিই ভাটি বাংলার নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
এম এ লতিফ জেপি বিএনপির ওয়েস্ট মিডল্যান্ড শাখার সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসী এবং ভাটি বাংলার মানুষের স্বার্থে কাজ করে আসছেন।
মন্তব্য করুন