সুনামগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ও আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে মা ও মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা টিম। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রবিবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পাগলার শত্রুমর্দন স্কুলের মাঠ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হলো 'মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ অনুষ্ঠান।
ফাউন্ডেশনের এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরব্বিয়ান কাঞ্চন গুন, সভাপতিত্ব করেন জেলা টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য সৌরভ ঘোষ সাগর সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরোহিত জয় চক্রবর্তী, সনাতনী সঙ্গের সিনিয়র সদস্য শোভন দেব, কাঞ্চন পাল, জেলা টিমের সহকারী টিম লিডার লাকি রানী চন্দ, সদস্য সেবক দাস, মৌসুমী বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, ইমন চন্দ, শান্তিগঞ্জ উপজেলা টিমের সদস্য রঞ্জন সূত্রধর, প্রিতম সূত্রধর, সুব্রত সূত্রধর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মণ্ডপে উপস্থিত প্রবীণ মায়েদের চরণ ধৌত করে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে শারদ উপহার হিসেবে নতুন বস্ত্র (শাড়ি) ও পূজার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত মায়েরা আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের আশীর্বাদ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা টিমের প্রধান দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, "সনাতন ধর্ম অনুসারে মা শক্তি রূপিনী। আমরা সমাজের সর্বস্তরের মায়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছি। শারদ উৎসবের এই আনন্দ যেনো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখব।"
এই ধরনের ব্যতিক্রমী সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা টিমকে স্থানীয় জনসাধারণ এবং উপস্থিত অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।