স্টাফ রিপোর্টার
জমিয়তের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহীদ মাও. মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকান্ডে জড়িতদেরআইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জমিয়েত উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।
রবিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
এসময় তিনি জানান, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি শহীদ মাও. মুশতাক আহমদ গাজিনগরী (রহ.)-এর হত্যাকান্ডের ২০ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত হত্যার মোটিভ উদঘাটন করতে পারেনি প্রশাসন। এজহারভুক্ত একমাত্র আসামিকে রিমান্ডে নিলেও কোনো সুনির্দিষ্ট তথ্য বের করতে পারেনি প্রশাসন। মামলার আসামি এম. আব্দুল হাফিজ পাঠানকে পুনরায় রিমান্ডে এনে নেপথ্যের তথ্য উদঘাটন করতে হবে। প্রকৃত খুনিরা শনাক্ত বা গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডের নেপথ্যের সাথে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে ৬ দফা দাবি জানিয়ে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুশিয়ার দেওয়া হয়।
উল্লেখ্য,গত ২ সেপ্টেম্বর রাত ১১:৩০ মিনিট থেকে মাও. মুশতাক আহমদ নিখোঁজ হন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাতটায় তাঁর মরদেহ শরিফপুর পুরান সুরমা নদীতে ভেসে ওঠে। পরে দিরাই থানায় হাফিজের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশ সিলেট নগরী থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ওইদিনই বিকেলে দিরাই আমল গ্রহণকারী আদালতে হাজির করা হলে বিচারক সাফায়েত সালাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত আসামীকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করে।রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর, শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম, জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন।