স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানে পরলোকগমনকারী (নিহত) ছাত্র—জনতার আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নতুন পাড়া মহাপ্রভুর মন্দিরে সুনামগঞ্জ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইত দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে প্রার্থনা ও সভা হয়।
সভায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক রবীন আচার্য, সুনামগঞ্জ পুরোহিত ও সেবাইত দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের টিওটি সুবিমল চক্রবর্তী চন্দন। এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ।
এছাড়াও প্রার্থনায় অংশগ্রহণ করেন গৌর গোপাল দাস, কৃষ্ণ গোপাল দাস, নারায়ণ চক্রবর্তী, অশোক গোস্বামী, ফিল্ড সুপারভাইজার দৃষ্টি রায়, মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সুমা দাস, সুবর্ণা বণিক, মনি চক্রবর্তী সহ মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা ,অভিভাবকবৃন্দ এবং ভক্তবৃন্দ।
আলোচনা সভা শেষে পুরোহিত ও সেবাইত দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের টিওটি অমিত চক্রবর্তীর পরিচালনায় সকলে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন। এসময় জুলাই গণঅভ্যুত্থানে পরলোকগমনকারী ছাত্র—জনতার আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।