স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরীন আক্তার খানম, অ্যাডভোকেট হেলেনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিন, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উমা রানী তালুকদার, অভিভাবক কমিটির সভাপতি নিতাই চন্দ্র পুরকায়স্থ এবং শিক্ষার্থী অভিভাবক ও সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তুহিন মল্লিক ও দিবিশা নাথও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিফতাহুল জান্নাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। চলতি বছরের বৃত্তি পরীক্ষার ফলাফল সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে কেক কাটা হয়। পরে ৭ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এ ছাড়া অতিথিদের সম্মাননা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।