স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিত সভা, আলোচনা সভা ও ধামাইল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের কালীবাড়ি সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়নে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ তালুকদার।
সাধারণ সম্পাদক শ্যামল দেব’র সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান সমন্বয়ক নারায়ন দাস, জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন, ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক পিকলু সরকার, সহ—সভাপতি সুকেশ রঞ্জন তালুকদার, আমিনুল ইসলাম আমিন, স্বাধীন কুমার চৌধুরী, উপদেষ্টা মাহাদ্দীব আলম, সাংগঠনিক সম্পাদক মিহির তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিল্টন দাস, নিবাস দাস, সহ—সাধারণ সম্পাদক রনধীন চক্রবর্তী, নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার, সদস্য সুমি চন্দ, অরুণ কান্তি দাস, সীমা তালুকদার, বিমান রায়, ঝলক তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেট অঞ্চল সংস্কৃতির উর্বর ক্ষেত্র। এই অঞ্চলকে বলা হয় সংস্কৃতির রাজধানী। এখানেই জন্ম নিয়েছেন হাসন রাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গানের অমর কবি প্রতাপ রঞ্জন তালুকদার। তাঁদের অসংখ্য সৃষ্টি শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করেছে।
বক্তারা আরও বলেন, ধামাইল গান ও লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে বর্তমান প্রজন্মকে গবেষণা, চর্চা ও গুণী শিল্পীদের সৃষ্টিকে লালন করতে হবে। তরুণরা যদি এ ধারা অব্যাহত রাখে তবে ধামাইলের মান—মর্যাদা দেশ—বিদেশে বহুগুণে বৃদ্ধি পাবে, সেজন্য ধামাইল গানকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা হলে এটি আরও সুরক্ষিত হবে এবং এর মর্যাদা বৈশ্বিক অঙ্গনে বেড়ে যাবে।
ধামাইল গানের আসরে অংশগ্রহণ করে নাবারুন ধামাইল সংঘ (সিলেট), ললিতা ধামাইল দল (দিরাই খাগাউড়া), সুরমার তীরে ধামাইল দল (দিরাই), অপরাজিতা মিউজিক ধামাইল দল (দিরাই), রাধার মন কবলো হরণ (নেত্রকোনা) এবং মেলোডি মাফিয়া ধামাইল দল (জামালগঞ্জ)।